ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫

দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ চালক তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম শুরুর তিন মাস পর অগ্রগতি পর্যালোচনা করা হবে। যেসব প্রশিক্ষণকেন্দ্র বেশি সংখ্যক দক্ষ চালক তৈরি করতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে।

বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে প্রশিক্ষণার্থীদের বামপাশে গাড়ি চালানো, সড়কের সংকেত, আধুনিক ট্রাফিকব্যবস্থা ও গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়েও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে নারীদেরও ড্রাইভিং প্রশিক্ষণের আওতায় আনার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসে অদক্ষ শ্রমিক পাঠানোর যে অভিযোগ রয়েছে, তা থেকে বেরিয়ে আসা বড় চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের দক্ষ করে তুলতে হবে। বিশ্বের অনেক দেশে বামপাশে গাড়ি চালানোর নিয়ম থাকায় বাংলাদেশ থেকে ডানপাশে গাড়ি চালানোর অভিজ্ঞতা নিয়ে যাওয়া চালকদের সমস্যায় পড়তে হয়। তাই দেশে বামপাশে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া গেলে বিদেশে গিয়ে তাদের কাজ করা সহজ হবে।

তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের নেভিগেশন, সড়কের মানচিত্র ও প্রয়োজনীয় সংকেত সম্পর্কে ধারণা দিতে হবে। বাংলাদেশের যানজটপূর্ণ সড়কে গাড়ি চালানোর অভিজ্ঞতাও বিদেশে কাজে লাগতে পারে।

প্রশিক্ষণের মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, প্রশিক্ষণার্থীদের পর্যাপ্ত হাতে-কলমে প্রশিক্ষণ দিতে হবে। গাড়ির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পরই তাদের সড়কে চালানোর সুযোগ দেওয়া উচিত। এর আগে মাঠ বা উপযুক্ত খোলা জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষণার্থীদের চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, কারও চোখে সমস্যা থাকলে তাকে ড্রাইভিং প্রশিক্ষণের পরিবর্তে অন্য উপযোগী প্রশিক্ষণে যুক্ত করা যেতে পারে। চোখের সমস্যা থাকলে বিদেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে জটিলতা তৈরি হতে পারে।

আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিকব্যবস্থায় সড়কের সংকেত, বিশেষ করে লাল বাতি ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ভালোভাবে শেখানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। পাশাপাশি ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, বিদেশের অনেক শহরে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজের জন্য ব্যক্তিগতভাবে গাড়ি চালানোর প্রয়োজন হয়। তাই নারীদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।

গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়েও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, গাড়িতে হঠাৎ সমস্যা দেখা দিলে তা প্রাথমিকভাবে শনাক্ত ও সমাধানের ধারণা প্রশিক্ষণার্থীদের থাকতে হবে। কারণ, সব সময় গাড়ির সঙ্গে প্রকৌশলী থাকবেন না।

প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি তদারকির বিষয়ে মন্ত্রী বলেন, তিন মাস পর সংশ্লিষ্ট অধ্যক্ষদের কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। কতজনকে বামপাশে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা জানাতে হবে। প্রয়োজনে যেকোনও প্রশিক্ষণকেন্দ্রে সরেজমিনে গিয়ে কার্যক্রম পরিদর্শন করা হবে। বেশি সংখ্যক প্রশিক্ষণার্থীকে দক্ষ করে তুলতে পারা কেন্দ্রের অধ্যক্ষদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

প্রশিক্ষণের গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গাড়িগুলো শুধু প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে হবে। নিয়মিত জ্বালানি, ইঞ্জিন অয়েল পরিবর্তন ও সার্ভিসিং নিশ্চিত করতে হবে, যাতে গাড়ি দ্রুত বিকল না হয়। গাড়ি বিকল হলে প্রশিক্ষণার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হবেন। তাই গাড়িগুলো সচল রাখা সংশ্লিষ্ট অধ্যক্ষদের দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ। এ সময় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল আজিজ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আট বিভাগের ৬৪টি টিটিসির অধ্যক্ষ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এসও/এম/    
সম্পর্কিত
যেভাবে কর্মী নিয়োগ হবে মালয়েশিয়ায়
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বশেষ খবর
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা