উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা কমাতে অনুদানভিত্তিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমাতে সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জনবান্ধব জলবায়ু নীতি: কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জলবায়ু নিয়ে কাজ করা ৩৩টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, প্যারিস জলবায়ু চুক্তির এক দশক পর অঙ্গীকারের পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতিও নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের পাশাপাশি অভিযোজন ও প্রশমন কার্যক্রমে সমান গুরুত্ব দিতে হবে। কপ-৩১-এ বাংলাদেশের পাটজাত পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনা তুলে ধরতে বিশেষ ‘জুট প্যাভিলিয়ন’ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, শিল্প খাতে নির্গমন কমানোর উদ্যোগ চলছে। আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের দাবি তুলে ধরতে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।
ন্যাকমের নির্বাহী পরিচালক ড. এস এম মঞ্জুরুল হান্নান খান সমন্বিত জলবায়ু পরিকল্পনার ওপর গুরুত্ব দেন। একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
সংলাপে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে ২০২৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত ১১৬ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা থেকে আসতে হবে। এ ছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনার ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত প্রায় ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন।
সংলাপে জলবায়ু অর্থায়নকে অনুদানভিত্তিক করা, শিল্প ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং জলবায়ু নীতিনির্ধারণে তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়। নগরাঞ্চলে তাপপ্রবাহ মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু অভিবাসীদের পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।