ডেসকো কর্মকর্তা মাসুদ কায়সারকে শ্যামলী-বিআরটিসি বাসচালক হত্যা করেছে বলে দাবি করেছেন তার সহকর্মীরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান মাসুদ কায়সারের সহকর্মীরা।
এ সময় মাসুদের সহকর্মী এএসএ হামিদ বলেন, মাসুদ কায়সারের মৃত্যুর ১ মাস পার হয়ে গেলেও এ ঘটনায় কে জড়িত তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। ঘাতক বাসচালক ও তার সহকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা নষ্ট উল্লেখ করে মাসুদের আরেক সহকর্মী তানভীর শাকিল সেগুলো দ্রুত সংস্কারের আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি মতিঝিল শাপলা চত্বরে কলকাতাগামী শ্যামলী-বিআরটিসির একটি বাস মাসুদ কায়সারকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।







