রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর দুটি প্রকল্পের পরিচালক ও প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১০ অক্টোবর) আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিল এবং নির্বাহী কমিটির পক্ষে সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) এই দাবি জানান।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, ‘অনৈতিকভাবে সরকারি ক্রয় নীতিমালা লঙ্ঘন করে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজিন ইন্টারন্যাশনালের মালিক মীর মঞ্জুর হোসেন বিভিন্ন সময় কাজ দেওয়ার জন্য প্রকল্প পরিচালদের অফিসে এসে বা টেলিফোনে নানাভাবে হুমকি ও চাপ প্রদান করতো। এমনকি সরকারি কাজে বাধাও প্রদান করতো। কিন্তু তাতেও প্রকল্প পরিচালক প্রকৌশলীরা হুমকিতে কর্ণপাত না করায় গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে মীর মঞ্জুর হোসেন ১০ থেকে ১২ জন ক্যাডারসহ প্রথমে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পের প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম এবং পরে উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পের প্রকল্প পরিচালক সিনিয়র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আউয়ালের অফিসে গিয়ে সরকারি কাজে বাধা দেয়। তারা অকথ্য ভাষায় গালি-গালাজ, কক্ষের আসবাবপত্র ভাঙচুর, প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘প্রকৌশলীরা যথাযথ দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি-বেসরকারি অফিসে বিভিন্নভাবে লাঞ্ছিত, সন্ত্রাসী হামলা এমনকি হত্যার শিকার হচ্ছেন। যা দেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।’
বিবৃতিতে এই ঘটনাসহ বিগত সময়ে প্রকৌশলীদের ওপর হামলা, লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি করা হয়। এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠান রাজিন ইন্টারন্যাশনাল-এর নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়।







