করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
বুধবার (৭ এপ্রিল) সংস্থাটির বিভিন্ন অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।
মিরপুর-১০ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের নেতৃত্বে মিরপুর ১৪ নম্বর সেকশনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরির অপরাধে ৭ জনকে ৭০০ টাকা জরিমানা করা হয়।
কারওয়ান বাজার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে ৫৪ জনকে মোট ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
দক্ষিণখান অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে হাজি ক্যাম্প ও দক্ষিণখান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৫টি হোটেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খাবার পরিবেশন করা এবং অন্যান্য অপরাধে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভাটারা অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৭টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।









