রাজধানীর বনশ্রীতে পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক মো. মোতালেব(২২) মারা গেছেন।
বৃহস্পতিবার(১জুলাই)সকাল সাড়ে সাতটায় বনশ্রীর ট্রপিকাল হাউসের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী ফিরোজ আহমেদ জানান, মোতালেব পেশায় রডমিস্ত্রির সহকারী ছিলেন। সকালে ৫ তালা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে ফাঁকা জায়গা দিয়ে তিন তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রামপুরা থানায় অবগত করা হয়েছে।
মোতালেব সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পারপাসি গ্রামের আবু সাঈদের ছেলে।
বর্তমানে বনশ্রীতে নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।









