রাজধানীর শাহবাগের পরীবাগ ফুটওভার ব্রিজের নিচে মোটরসাইকেল দুর্ঘটনায় মহিউদ্দিন (৩২) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নুরুল ইসলাম (২৮) নামে আরও একজন।
শনিবার (৪ জুলাই) দিনগত রাত পৌনে দুইটার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ২৫ মিনিটে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী নুরুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃত মহিউদ্দিন কামরাঙ্গীচর আলী নগর বনগ্রামের জালাল উদ্দীনের ছেলে।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, তারা দুজন এক মোটরসাইকেলে করে যাওয়ার সময় ব্যাটারীচালিত ভ্যানের সাথে লেগে দুর্ঘটনার শিকার হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।








