ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের 'মাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মাস্তা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প'র আওতায় ৭৫ নং ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ি সংলগ্ন দেব দোলাইখালের উপর সেতু নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই ঠিকাদারকে সমুদয় বিল পরিশোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রাথমিক যাচাইয়ের পর অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতিভাত হয়েছে। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। উল্লিখিত প্রেক্ষাপটে উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ), (ঘ) ও (ঙ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুকরণসহ চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক তাকে চাকুরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।








