রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মেহেদী হাসান।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, আমার (ঢাকা জেলা পুলিশ সুপার) বাসভবনের সামনে কর্তব্যরত অবস্থায় নিজের সাথে থাকা রাইফেলের গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা না অসতর্কতায় গুলি বের হয়ে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার থুতনিতে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
মারুফ হোসেন আরও বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে এ ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।








