ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘নগরপিতা হিসেবে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকে জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।’সোমবার (৯ আগস্ট) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় কর্মহীন পরিবহন শ্রমিক ও দুঃস্থ মানুষের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই আজ এই বাস টার্মিনালে কর্মহীন পরিবহন শ্রমিক এবং দুঃস্থ মোট এক হাজার ৫শ’ জনের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল এবং লবণ সংবলিত এক হাজার ৫শ’ প্যাকেট খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজধানীর গাবতলীতে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যারা অবৈধভাবে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। অবৈধ দখলদারদের নামে কোনও বৈধ নোটিশ ইস্যু করা হবে না। বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘বিদ্যমান করোনা পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় যাতে কারও মৃত্যু না হয় সেজন্যই সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “প্রতি শনিবার ১০টায় ১০ মিনিট নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।’
ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাদারীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, ঢাকা-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আগা খাঁন মিন্টু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।









