রাজধানীর কলাবাগান এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম কবির হোসেন (৫৮)।
কলাবাগান থানার এসআই সাইদুর রহমান শনিবার রাতে জানান, শনিবার সন্ধ্যার আগে কলাবাগান মাঠের বিপরীত পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় গুলিস্তান-ধামরাই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান আরোহী কবির হোসেন। আহত হন মোটরসাইকেলটি চালক,তবে চালককে আমরা ঘটনাস্থলে পাইনি।
তিনি বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। সেইসঙ্গে চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তবে তিনি নারায়ণগঞ্জ থাকতেন। পরে তার বিষয়ে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।








