ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) পরিচ্ছন্ন পরিদর্শক মো. রিজবী জামানকে দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্তকালীন মো. রিজবী জামান শুধু বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
আদেশে বলা হয়েছে, সংস্থাটির অঞ্চল-২-এর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন ৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক মো. রিজবী জামানকে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর ৪৯ (ক), (খ) ও (ঘ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে একই বিধিমালার ৫৫-এর (১) উপবিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।








