আগামী দেড় মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ড্রেন পরিষ্কারের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘নগরীর জলাবদ্ধতা নিরসনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ১৫ মার্চের মধ্যেই সকল ড্রেন পরিষ্কারের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’
সোমবার (৩১ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনের হলরুমে আয়োজিত জলজট ও জলাবদ্ধতা সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, ‘ডিএনসিসির ১০টি অঞ্চলের জন্য ১০টি অ্যাকশন টিম গঠন করা হবে। টিমগুলো অঞ্চলভিত্তিক সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে। ডিএনসিসির আওতাধীন খাল উদ্ধারে ৪২টি ডেড স্পট চিহ্নিত করা হয়েছে। এখানে আগে খাল থাকলেও এখন নেই। জনগণের সহায়তায় খালগুলো উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।’
সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক প্রমুখ।









