রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে চলমান কর্মসূচির ধারাবাহিকতায় আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করে কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের একপাশে ব্রাশ ও রং দিয়ে সড়কে বিভিন্ন স্লোগান লিখে। এ সময় তাদের নিরাপত্তার জন্য মোতায়েন থাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আগে প্রতিদিন সড়কে অবস্থান করে অবরোধ করে কর্মসূচি পালন করতাম, বর্তমানে আমরা আমাদের কর্মসূচির প্যাটার্ন চেঞ্জ করেছি। কয়েকদিন পর পর আমরা অবস্থান করে সরকারকে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে তাগিদ দেব। আমরা সড়ক নিরাপত্তার জন্য ১১ দফা দাবি পেশ করেছি। এসব দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা সড়কে অবস্থান করবো। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের পর আমরা সড়ক নিরাপত্তার দাবি আরও জোরালোভাবে জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব, আন্দোলনে আজ কোন রাস্তা বন্ধ করা হয়নি আর ভবিষ্যতেও হবে না।
শিক্ষার্থীরা আরও বলেন, করোনার সময়ে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে কিন্তু শিক্ষার্থীরা গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে হাফ পাস পাচ্ছে না। সাপ্তাহিক ছুটি ও করোনাকালীন ছুটির সঙ্গে তফাৎ রয়েছে। শিক্ষার্থীদের চলাচলের প্রেক্ষিতে সমস্যা পোহাতে হচ্ছে। গণপরিবহনের শিক্ষার্থীদের হাফ পাস রাখা হচ্ছে না। স্কুল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের অজুহাতে গণপরিবহনের চালক কিংবা হেলপাররা শিক্ষার্থীদের কাছ থেকে ফুল ভাড়া নিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোচিংসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা বাসে ফুল ভাড়ায় রাখছেন তাদের কাছ থেকে।
সরকার যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের ১১ দফা দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত রাস্তায় অবস্থান কর্মসূচি শিক্ষার্থীরা পালন করবে বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।









