রাজধানীর তুরাগে নলভোগ খালপাড় এলাকায় রূপায়ণ সিটির নির্মানাধীন ৯ তলা ভবনের ৮তলা থেকে পড়ে মো. কাজল (১৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
মৃত কাজল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার খিবাইচন্ডি গ্রামের মো. জলিলের ছেলে। বর্তমানে নির্মাণাধীন ভবনেই থাকতেন।
হাসপাতালে নিয়ে আসা নিহতের সহকর্মী মো. আমিন হোসেন জানান, কাজল পেশায় রাজমিস্ত্রি। নলভোগ খালপাড় এলাকায় রূপায়ণ সিটির নির্মাণাধীন ৯তলা ভবনের ৮তলায় প্লাস্টারের কাজ করার সময় এক হাত দিয়ে মোবাইল ফোনে কথা বলছিল অপর হাত দিয়ে কাজ করছিল। সে সময় ওপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’








