রাজধানীর মোহাম্মদপুরে লাউতলা খাল দখলমুক্ত করার পর এবার খালের পাড়ে বৃক্ষরোপণ করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনিসিসি) কর্তৃপক্ষ। ডিএনিসিসির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বুধবার (৩১ আগস্ট) জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ডিএনসিসির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিক বলেন, ‘গাছ পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্পকিছু গাছ আছে সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় তাপমাত্রার অনুভূত হয় অনেক বেশি। ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে।’
বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, ‘বছিলার রামচন্দ্রপুর-লাউতলা খাল দীর্ঘদিন অবৈধভাবে দখল হয়ে ছিল। লাউতলা খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল ট্রাকস্ট্যান্ড। এখানে প্রায় ১৩শ’ ট্রাক রাখা হতো। অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছিল। ট্রাকস্ট্যান্ড ও মার্কেট উচ্ছেদ করে আমরা লাউতলা-রামচন্দ্রপুর খাল উদ্ধার করতে পেরেছি। খালে এখন পানির প্রবাহ নিশ্চিত হয়েছে, নৌকা চলাচল করছে।’
শহরের পরিবেশ রক্ষায় নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘শিশুদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাদের জন্য বাসযোগ্য শহর নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ্য পরিবেশ সৃষ্টি করতে হবে। লাউতলা খালের পাড়ে বৃক্ষরোপণ করে এখানে নান্দনিক পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা এখানে ওয়াকওয়ে নির্মাণ করবো।’
লাউতলা খাল সংলগ্ন উদ্ধার করা জায়গায় শিগগিরই একটি খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান মেয়র মো. আতিকুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে ডিএনসিসি মেয়র কাউন্সিলরদের সঙ্গে নিয়ে গাছ রোপণ করেন।
উল্লেখ্য, বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় ডিএনসিসি লাউতলা খালে দুই হাজার গাছ রোপণ এবং রক্ষণাবেক্ষণ করবে।








