রমজান মাসে কোনও দোকানদার ক্রেতার কাছে সরকার নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি নিলে এবং তা প্রমাণিত হলে তার দোকান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মহাখালী কাঁচাবাজার পরিদর্শন এবং মূল্যতালিকা প্রদর্শনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধনে এসে তিনি এমন হুঁশিয়ারি দেন।
মূল্যতালিকা প্রদর্শনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধনের পরে মেয়র বলেন, আমরা কাউন্সিলরকে আহ্বায়ক করে বাজার মনিটরিং কমিটি করে দিয়েছি। এ ছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউন্সিলররা মাঠে থাকবেন। কেউ বেশি দাম নিচ্ছে কি না, তা জানতে আমরা মনিটর করবো পুরো রমজান মাস। আপনারা কেউ বেশি দাম নিয়েছেন, এমন অভিযোগ যদি কেউ জানায়, তাহলে দোকান বন্ধ করে দেবো।
তিনি বলেন, ‘বেশি দাম নিলে যেকোনও ক্রেতা ভোক্তা অধিকার অধিদফতরে অভিযোগ করতে পারবেন। এ ছাড়া ডিএনসিসির হটলাইন (১৬১০৬) নম্বরেও অভিযোগ করা যাবে। ডিসপ্লে বোর্ডে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তার এবং বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর প্রদর্শন করা হবে। এসব নম্বরে ফোন করেও ভোক্তারা অভিযোগ জানাতে পারবেন।’
মহাখালী কাঁচাবাজারে ডিজিটাল ডিসপ্লে স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলামসহ অন্যান্য কাউন্সিলররা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









