পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আসন্ন পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর উপলক্ষে কোনও ধরনের হুমকি নেই। রাজধানীসহ সারা দেশের প্রতিটি মার্কেট ও বিপণিবিতানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও নিউমার্কেটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্তরে নিরাপত্তা বলায় সৃষ্টি করা হয়েছে মার্কেটগুলোতে। এছাড়া সহজে মার্কেটে চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’
ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়তো আমরা দিতে পারি না।’
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ইফতার, সেহরি ও তারাবির নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।’
আসন্ন ঈদ উপলক্ষে চুরি-ছিনতাই প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে সাদা পোশাক, পুলিশের ইউনিফর্মে ও ডিবির বিশেষ অভিযান চললমান রয়েছে।’
মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘টাকা-পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহয়তা চায় আমরা সার্বক্ষণিক সহয়তা করতে প্রস্তুত। যে কোনও আর্থিক প্রতিষ্ঠানকে সহয়তা করা হবে।’








