‘ভাই আমার সব শেষ, ঈদের জন্য যা যা আনছিলাম সব শেষ। কীভাবে কি হইলো কিছুই বুঝতেসি না’- ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতর এভাবেই আহাজারি করছিলেন নিউ সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী আফজাল। মার্কেটের তৃতীয় তলায় তার দোকান।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায়। তবে মার্কেটের বিভিন্ন প্রান্ত থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।
এদিন বিকালে মার্কেটের ভেতর প্রবেশ করে দেখা যায়, পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন। মার্কেটের দ্বিতীয় এবং তৃতীয় তলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। দ্বিতীয় ও তৃতীয় তলার প্রায় সবকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কেটের নিচতলায় মাত্র তিনটি ওড়নার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিকালে মার্কেটের দ্বিতীয় তলায় প্রবেশ করে দেখা যায়, ব্যবসায়ী ও কর্মচারীরা দোকানের শাটার ভেঙে প্রবেশের চেষ্টা করছেন। সাটারের ভাঙা অংশ দিয়ে দেখা যায় ভেতর থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছে। ভেতরে থাকা কাপড় সব পুড়ে গেছে। কেউ কেউ অবশিষ্ট কাপড় সরানোর চেষ্টা করছেন, আবার কেউ নগদ অর্থ বাঁচানোর চেষ্টায় মরিয়া।
মার্কেটের তৃতীয় তলায় প্রবেশ করে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ক্লান্ত হয়ে বসে পড়েছেন। তাদের মাথায় এবং শরীরে পানি দিচ্ছেন দোকানের মালিক কর্মচারীরা। আবার নিজেরাও পানি দিয়ে ধোঁয়া কমানোর চেষ্টা করছেন। তবে তৃতীয় তলায় ধোয়ার কারণে এখনও কোনও দোকানে প্রবেশ করতে পারেনি কেউ। দোকানের শাটার ভেঙে পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কর্মচারীরা।
আবার কেউ কেউ বহিরাগতদের দিকে নজর রাখছেন। কেউ কেউ মার্কেটে নিজের দোকানের কাপড় সরাতে এসেও জেরার মুখে পড়ছেন। পরিচয় নিশ্চিত করছেন নিজেরা নিজেরাই।
মার্কেটের ভেতরে শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টায় থাকা ব্যবসায়ীরা কেউ কেউ করছেন আহাজারি। ফোনে পরিবারের সঙ্গে আলাপ করে ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছেন। আবার অনেকেই দোকানের বেঁচে যাওয়া সামগ্রী সরাতে তৎপর।
এই মার্কেটের ব্যবসায়ীরা জানান, তৃতীয় তলায় প্রথমে আগুন দেখা গেলেও পরবর্তীতে তা দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এখানে দোকান আছে প্রায় দেড় হাজার। মার্কেটের ফলস সিলিংয়ের ভেতরে এখনও কোথাও কোথাও আগুন থাকতে পারে বলে ধারণা তাদের। ফলস সিলিংয়ের প্লাস্টিক গলে নষ্ট হয়েছে নিচতলায় অবস্থিত চারটি ওড়নার দোকান।








