ঈদের ছুটিকে কেন্দ্র করে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। নিজেদের ভাড়া কিংবা নিজস্ব বাসায় তালা মেরে গ্রামে গিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছুটছে মানুষ। একদিকে ফাঁকা রাজধানী, অন্যদিকে খালি বাসার নিরাপত্তা আবার ঢাকার সড়কে ছিনতাই প্রতিরোধ ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এরই মধ্যে রাজধানী ঢাকার ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ির নিরাপত্তার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
যদি এরই মধ্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ফাঁকা ঢাকায় গুরুত্বপূর্ণ জিনিসপত্র স্বর্ণালংকার পরিচিত যারা ঢাকা ছেড়ে যাবেন না তাদের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দেন। ফাঁকা বাসায় কোন স্বর্ণ রেখে না যাওয়ার কথা বলেন তিনি। এ ছাড়া পরিচিত কারও কাছে রেখে না গেলে সঙ্গে করে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আগুনের ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপি বলছে, রাজধানী ঢাকার ৫০টি থানার প্রতিটিতে বিট পুলিশিং চালু রয়েছে। যারা ঢাকার স্থানীয় বাসিন্দারা রাজধানী ছেড়ে যাবেন না, তাদের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট বিট অফিসাররা ফাঁকা বাসা-বাড়ির বিষয়গুলো অবহিত হচ্ছেন এবং সেসব বিষয়ে আমলে নিয়ে মোটরসাইকেল টহল পেট্রোলিং জোরদার করতে বলা হয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে টহল জোরদারের বিষয়টি দেখভালের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের ডিসি, এডিসি এবং এসিদের এসব বিষয়ে তদারকি করতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।
এদিকে ঈদকে কেন্দ্র করে যারা রাজধানীতে রয়েছেন শেষ মুহূর্তে রাজধানী ছাড়বেন এবং শেষ মুহূর্তে কেনাকাটার জন্য বিভিন্ন শপিংমলে ঢুঁ মারছেন, রাত বিরাতে তাদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কে টহল বাড়ানো হয়েছে। যেসব এলাকাগুলো নির্জন সেসব এলাকাগুলো চিহ্নিত করে সেসব জায়গায় পুলিশি টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন্স ড. খ. মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। যারা ফাঁকা রেখে গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে গিয়েছেন, তাদের ফাঁকা বাসার নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে। এ ছাড়া আশপাশে কোনও অপরিচিত লোকজনদের আনাগোনা দেখতে পেলে ৯৯৯-এ ফোন করতে পরামর্শ দেন তিনি।









