রাজধানীর জুরাইনের শ্যামপুর নতুন রাস্তা এলাকায় সড়ক থেকে সিজার হোসেন (১৯) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মহর আলী বলেন, রবিবার ভোররাত সাড়ে ৩টায় খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনও কারণ আছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ বলা যাবে।
মৃতের বাবা রবিউল ইসলাম বলেন, আমার ছেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকসা আদিনি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। সে গ্রামেই থাকতো। তিন মাস ধরে ঢাকায় থাকছে। এবার অনার্স বা বিএ ভর্তি হওয়ার কথা ছিল। টাকা ম্যানেজ হলেই বিএ বা অনার্স ভর্তি হতো।
তিনি আরও বলেন, অটোরিকশা চালিয়ে আমি সংসার চালাই। ছেলেও ঢাকায় এসে আমার সঙ্গে অটোরিকশা চালাতো। আমার বাসা কামরাঙ্গীরচর চর নার্সারি গলিতে। শনিবার রাত সাড়ে ১০টায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় সে। রাত সাড়ে ১২টার দিকে সে জানায় যে এলাকার একজন ৫০০ টাকা বিকাশে পাঠাবে। আমি বলেছি টাকাটা উঠিয়ে আসো। কিছুক্ষণ পর ছেলে জানায় টাকা এখনও পায়নি। তারপর তার সঙ্গে আর কোনও কথা হয়নি। রবিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে মিটফোর্ড হাসপাতাল মর্গে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই।
তিনি বলেন, দুষ্কৃতকারীরা আমার ছেলেকে হত্যা করে তার ব্যবহৃত মোবাইল ও অটোরিকশাটি নিয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।
মৃত সিজারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।









