ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রস্তুত রয়েছে। একইসঙ্গে ডিএনসিসির সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
শনিবার (১৩ মে) রাজধানীর গুলশান-২ ডিএনসিসির প্রধান কার্যালয়ের হল রুমে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা জানান।
মেয়র আতিক বলেন, ‘মোখা মোকাবিলায় ডিএনসিসির সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে আছেন তাদের কাজে যোগ দিতে বলা হয়েছে। এছাড়া মোখার প্রভাবে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সব প্রস্তুতি গ্রহণ করেছে ডিএনসিসি।’
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে ঢাকার কোথাও গাছ হেলে পড়লে বা ডালপালা ভেঙে পড়লে সঙ্গে সঙ্গে ডিএনসিসিকে জানানোর অনুরোধ করা হচ্ছে। ডিএনসিসিকে জানালে দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে গাছ অপসারণ করা হবে।’









