মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১১ নম্বরের দিকে কিছুটা এগিয়ে বেনারসি পল্লীর প্রথম গেট ধরে সামনে গেলেই চোখে পড়বে অন্যরকম এক দৃশ্য। যেখানে একটি আবর্জনা কেন্দ্রে গ্রাফিতিতে আবর্জনা সংগ্রহকারীদের আঁকা হয়েছে। কিছু দিন আগেও যে ময়লার ভাগাড় ছিল দৃষ্টিকটু ও বিরক্তির কারণ, আজ তা সেজেছে রঙিন সাজে। পরিচ্ছন্নতাকর্মীদের কর্মব্যস্ততার ও সুন্দর নগরের নানা চিত্র ফুটে উঠেছে ভাগাড়ের দেয়ালে। ভাগাড়ের চিত্রকর্ম আকর্ষণ করছে পথচারীদেরও। তার কাছেই ঐতিহাসিক জল্লাদখানা বধ্যভূমির পাশে রয়েছে একটি মাঠ। সে মাঠে এখন প্রাণের সঞ্চার হয়েছে শিশু কিশোরদের কোলাহলে। প্রতিদিন বিকাল হলেই সেখানে অভিভাবকসহ শিশু-কিশোররা ঘুরতে আসে, মনের আনন্দে খেলাধুলায় মেতে ওঠে।








