হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগে হাতেনাতে ইমন সরদার (২৪) নামে এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রতারক ইমন সরদারের বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থান করছিলেন। এরপর দুবাইপ্রবাসী দুই যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট বিষয়ে কথা বলছিলেন তিনি। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তারা দেখেন ইমনের পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ রয়েছে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।
জিয়াউল হক আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর ইমনকে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ডলার এনডোর্সমেন্টের একটি সিল। যেখানে লেখা ‘ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড’, একটি পুলিশের ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ভুক্তভোগী যাত্রীরা জানান, এয়ার এরাবিয়া ফ্লাইটে মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে ৫০০ ডলারের এনডোর্সমেন্টের ভুয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদের ৫০০ ডলার দেয়নি। দুজন আর দুবাই যেতে পারেননি।








