রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাসে ওঠা যাত্রীদের টার্গেট করে মোবাইল ফোন চুরির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর মৎসভবন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. জনি, মো. সুমন ও মো. আরমান। তাদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ওই চক্রের অপরাধের কৌশল সম্পর্কে ওসি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাসে ওঠা যাত্রীদের টার্গেট করে এবং কৃত্রিম ভিড় সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন চুরি করতো। এই তিন জন মোবাইল ফোন চুরি করতো অপর একজনের নেতৃত্বে। এ জন্য তারা প্রতিদিন তিন হাজার করে টাকা পেতো। তাদের মধ্যে গ্রেফতার সুমনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে।’
শাহবাগ থানার মামলায় গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








