রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় বহুতল থেকে পড়ে মো. বায়েজিদ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাদারকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে বায়েজিদ।
ঢামেকে নিয়ে আসা বায়েজিদের সহকর্মী রায়হান বলেন, ‘আমরা লালমাটিয়া কে ব্লকে ৯তলা ভবনের সাত তলার বাইরের অংশে এসির কাজ করছিলাম। এ সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় বায়েজিদ। গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টায় ওই তরুণকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা মোহাম্মদপুর থানায় জানিয়েছি।’









