অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর নতুন কাঁচা বাজারের (কৃষি মার্কেট) পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নাম ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত ৪১২ জন ব্যবসায়ীকে অনুদান হিসেবে ডিএনসিসি থেকে ২৫ হাজার টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০ হাজার টাকার চেক দেন মেয়র।
উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তৃতায় মো. আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির সব মার্কেটে বৈধ দোকানির পাশাপাশি অনেক অবৈধ দোকানি রয়েছে। নতুন আধুনিক ভবন নির্মাণ হোক– অবৈধ দোকানিরা সেটা চান না। আমি ডিএনসিসির কর্মকর্তা ও কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি, অবৈধ দোকানিদের তালিকা তৈরি করতে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ দোকানিরা কিন্তু নতুন ভবন নির্মাণে আপত্তি করবে না।’
কাওরান বাজারসহ কয়েকটি মার্কেটের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মন্তব্য করে ডিএনসিসি মেয়র বলেন, ‘স্মার্ট বাংলাদেশে উন্নত স্মার্ট মার্কেট প্রয়োজন। কোনও ধরনের জরাজীর্ণ মার্কেট বাংলাদেশে থাকতে পারে না। আমরা ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ভেঙে আধুনিক মার্কেট নির্মাণ করে দেবো। নতুন মার্কেট ভবন নির্মাণ মানে বরাদ্দপ্রাপ্ত দোকানিদের দোকান নিয়ে নেওয়া না, বরং সুন্দর দোকান পাবেন।’
এ সময় প্রতিটি মার্কেটে অগ্নি নির্বাপক সিস্টেমসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মার্কেটের ব্যবসায়ী সমিতিকে আহ্বান জানান মেয়র আতিক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান।
ডিএনসিসির অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার (কৃষি মার্কেট) ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সলিমউল্লাহ (সলু) প্রমুখ।









