ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি কর্মী এবং জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মো. নূর নবী পাশা ওরফে সবুজকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কদমতলীর দনিয়ায় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
র্যাব ১০ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করে বিভিন্ন যানবাহনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে তারা। ২৮ অক্টোবর তাণ্ডব চালিয়ে একজন পুলিশ কনস্টেবলকে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১০টায় মো. নূর নবী পাশা সবুজসহ ২০ থেকে ২৫ জন বিএনপি-জামাতের নেতাকর্মী দলবদ্ধ হয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করে। বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কার্যকলাপ চালানোর উদ্দেশ্যে সমবেত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নূর নবী পাশাসহ ১৯ জন এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা করে পুলিশ।
আসামিদের গ্রেফতারে র্যাবের সহায়তা চায় যাত্রাবাড়ী থানা-পুলিশ। পরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নূর নবী পাশার অবস্থান শনাক্ত করে। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে কদমতলীর দনিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে নূর নবী পাশা। এছাড়াও সে ইতোপূর্বে যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব নবী উল্লাহ নবীর নেতৃত্বে যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।









