রাজধানীর পল্টনে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে আব্বাস উদ্দিন (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিএমপির পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান এ তথ্য জানান।
আব্বাস কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
এসআই মো. কামরুল হাসান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে পল্টনে ক্যাপিটাল নামে আবাসিক হোটেলের বাথরুম থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘কীভাবে আব্বাস উদ্দিনের মৃত্যু হলো, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’








