রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. তারেক হোসেন (২০)। রবিবার (২ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁরির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তারেক সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাটিকুড়া গ্রামের মো. সরোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ডেমরা থাকতেন।
হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী মো. আজিজুল বলেন, ‘নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ফ্লোর পরিষ্কার করার জন্য তারেক বৈদ্যুতিক পানির মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’









