রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৫ জুন) রাতে কাওরান বাজার শুঁটকিপট্টি খান হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য জানান।
গ্রেফতার তিন জন হলো মো. শাকিল (২৯), সজিব (১৯) ও মো. মালেক (৩৩)।
ওসি বলেন, ‘ওই তিন ছিনতাইকারী চলন্ত গাড়িতে থাকা মানুষের মোবাইল ফোন, মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যেতো। ধরা পড়লে ছুরি, ব্লেড দিয়ে আঘাত করতো।’
তিনি বলেন, ‘গ্রেফতার তিন জনই চিহ্নিত ছিনতাইকারী। তারা কাওরান বাজার এলাকায় ছিনতাই। মূলত বাজারে আসা লোকজনই তাদের প্রধান টার্গেট। গাড়ি কিংবা হেঁটে বাজারে আসা বা যাওয়ার সময় ছোঁ মেরে লোকজনের মোবাইল ফোন অথবা মানিব্যাগ টান দিয়ে নিয়ে যেতো। কেউ বাধা দিলে কিংবা ধরা পরলে তারা ব্লেড বা ছুরি দিয়ে আঘাত করতো।’
মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবারও তারা ছিনতাইয়ের উদ্দেশে কাওরান বাজার শুঁটকিপট্টি খান হোটেলের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুটি চাকু ও একটি ব্লেড উদ্ধার করা হয়। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হয়েছিল। জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। গ্রেফতার শাকিলের বিরুদ্ধে চারটি, সজিবের বিরুদ্ধে পাঁচটি এবং মালেকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।’









