রাজধানীর হাজারীবাগ এলাকায় নির্মাণধীন একটি ভবনে চাঁদাবাজির অভিযোগে জামাল হাওলাদার (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা-পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে হাজারীবাগের আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে থেকে তাকে আটকের পর রবিবার (২০ অক্টোবর) মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুর ইসলাম এ তথ্য জানান।
আলাল গাজী নামে এক ব্যক্তি বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় গ্রেফতার জামাল হাওলাদারসহ অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলাল গাজী পেশায় একজন সিভিল কন্ট্রাক্টর। তিনি হাজারীবাগে মেন্ডি ডেন্টাল কলেজ রোড সালিহীন টাওয়ার-১ এর নির্মাণাধীন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। গত দুই মাস আগে জামাল হাওলাদারসহ অজ্ঞাত আসামিরা তার নির্মাণাধীন প্রজেক্টে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রজেক্টের কাজ বন্ধ করে দেওয়াসহ তাকে হত্যার হুমকি দেয়। পরে আলাল গাজী ২ লাখ ২১ হাজার টাকা দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আলাল গাজী শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে মেন্ডি ডেন্টাল কলেজ রোডে আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জামাল হাওলাদারসহ অজ্ঞাত ব্যক্তিরা আবারও তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না চাইলে জামালসহ অন্যারা তাকে মারধর করতে গেলে আশেপাশের লোকজন জামালকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করে।
ওসি আজহারুর ইসলাম বলেন, ‘জামালকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’








