রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে জসিম উদ্দীন (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১১টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল পাড়গাই আদর্শ বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
জসিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার বিশালপুর গ্রামের মো. দেওয়ানের ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনে থেকে কাজ করতেন।
নিহতের সহকর্মী মো. নাজমুল ইসলাম বলেন, ‘একটি বহুতল নির্মাণাধীন ভবনের ৯ তলায় প্লাস্টারের কাজ করার সময় পা পিছলে দ্বিতীয় তলার ভয়েটের ওপর পড়ে গুরুতর আহত হন জসিম উদ্দীন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’








