রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত শাহাদাত হোসেন আকবরের (১৭) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সাইকেল চুরিতে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে।
মো. ফারুক বলেন, রক্তাক্ত অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আকবরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয় তার। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আকবরের বাবা আফজাল হোসেন বলেন, গতকাল রাতে কিশোর গ্যাংয়ের ৫ থেকে ৬ জন হাজারীবাগ পার্ক পাশে একটি বাসার গ্যারেজ থেকে সাইকেল চুরির চেষ্টা করে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে তারা আকবরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আকবর মারা যায়।
হাজারীবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সাম্মাক হোসেন বলেন, এ ঘটনায় গতকাল রাতে সিয়াম (১৮), শাকিল (২৩) ও শুকুর (১৬) নামে তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।








