রাজধানীর আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনকারী ব্যাটারিচালিত রিকশাচালকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের পরে আগারগাঁও মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় চালকরা শিক্ষার্থীদের ওপর ক্ষীপ্ত হয়ে ধাওয়া দিলে তারা পিছু হটতে বাধ্য হয়।
এর আগে সকাল ১০টা থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা এ মোড়ে অবস্থান নেয়। এসময় তাদের অবস্থানের কারণে সাড়ে ১২টা পর্যন্ত গাবতলী হয়ে পঙ্গু হাসপাতালের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে দুপুরে শিক্ষার্থীরা চালকদের রাস্তা থেকে সরে যেতে বললে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে চালকরা তাদের ওপর ক্ষীপ্ত হয়ে ধাওয়া দিলে শিক্ষার্থীরা পিছু হটে।
সকাল থেকে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সড়কে চলাচলকারী লোকজন বিপাকে পড়েন। বিশেষ করে আগারগাঁও এলাকায় বিভিন্ন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েন।
এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এই আদেশের পর গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ, মিরপুর, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় রিকশাচালকরা জড়ো হন। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ।








