রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তিনি ইতিহাস বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগে একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জব্বার।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুষ্পিতা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হোস্টেলটিতে ১৬ জন শিক্ষার্থী একসঙ্গে থাকতেন। রাতে সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেননি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এস আই মো. জব্বার বলেন, তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
জামালপুরের সদর উপজেলার বসাক পাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে পুষ্পিতা বিশ্বাস।









