সংস্কার ও উন্নয়ন কাজের জন্য মিরপুর ডিওএইচএস সংলগ্ন মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশন (পিলার নম্বর ১১৪) থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এম পি চেক পোস্ট (পিলার নম্বর ১৩৯) পর্যন্ত সড়কে তিন দিন যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১১ মার্চ) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত যানবাহন ও পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। ১৪ মার্চ সকাল থেকে সংশ্লিষ্ট সড়ক আবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ডিএনসিসি উন্নত অবকাঠামো নির্মাণে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।









