রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে নিলয় গায়েন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ফুডপান্ডার রাইডার ছিলেন।
বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ।
তিনি জানান, খবর পেয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের ৩৮/৩ নাজিরের ম্যাচের চতুর্থ তলার একটি রুম থেকে নিলয় গায়েনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও চাদরের অংশ দিয়ে গলায় ফাঁস দেন। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই রাজু আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কী না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
নিলয় গায়েন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার চাওচা গ্রামের মৃত নিখিল গায়েনের ছেলে। তিনি গুলশান কালাচাঁদপুরের ওই ভাড়া বাসায় থাকতেন।








