রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের উত্তর পাশে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
এঘটনার পর দুপুরে ঢাকা রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার রায় জানান, আমরা খবর পেয়ে তেজগাঁও রেলস্টেশনের উত্তর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই নারী রেললাইন দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।









