আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে শুক্রবার (৯ মে) থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ফলে এই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
শনিবার (১০ মে) বিকালে শাহবাগ মোড়ে আসা সাধারণ যাতায়াতকারীরা এমন দাবি করেন।
সরজমিনে দেখা যায়, গণজমায়েতের কারণে বন্ধ রয়েছে শাহবাগ মোড়ের চারপাশের সংযোগ সড়ক। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মৎস্যভবনমুখী সড়ক, কাটাবন ও জাদুঘরের সামনে থেকে টিএসসিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করছে। এরপরও অনেকে শাহবাগ মোড়ে এসে ফিরে যাচ্ছেন।
ঢাকা মেডিক্যাল থেকে রিকশায় শাহবাগ মোড়ে এসে নেমে যান সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি কাওরান বাজার যাবো। শাহবাগের পর রিকশা যাবে না। তাই এখানে নেমে রাস্তা পার হয়ে আবার রিকশা নেবো।’
মোটরসাইকেল আরোহী টিপু সুলতান বলেন, ‘আমি এসেছি বংশাল থেকে। ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে ফার্মগেট চলে যাবো। এখন এসে দেখি রাস্তা বন্ধ। এখন আবার অনেক ঘুরে যেতে হবে।’
উল্লেখ্য, আজ দুপুর ৩টা থেকে শাহবাগ মোড়ে গণজমায়েতের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। ঘোষণা অনুযায়ী দুপুরের পর থেকে মানুষের জমায়েত বাড়তে থাকে। প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কিংবা স্ব উদ্যোগে অনেকের শাহবাগে আসতে দেখা গেছে।








