রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকার কাজল খাতুন (১৫) নামে এক স্কুল ছাত্রী ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। বুধবার (২৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
কাজল ভোলার বোরহান উদ্দিন থানার চরলতি গ্রামের রাজমিস্ত্রি মো. কামাল হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে সে বড়। সে ডেমরার মান্নান হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের মামা সুমন পাটোয়ারী জানিয়েছেন, তার ভাগ্নি কাজল, বাবা-মায়ের সঙ্গে ওই ভবনের ৪তলায় ভাড়া থাকতো। ভবনটির ছাদে নির্মাণ কাজ চলছিল। রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় কাজল ৬তলার ছাদে গিয়েছিল। তার মায়েরও ছাদে যাওয়ার কথা ছিল। কিন্তু কাজল আগে চলে যায়। সেসময় অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় কাজল।
তিনি বলেন, উদ্ধার করে কাজলকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যায় কাজল।
পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।









