লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন প্রবাসী একটি পরিবার। ডিবি পরিচয় দেওয়া ছিনতাইকারীরা তাদের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায়।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে রাজধানীর বনানী কবরস্থানের কাছে রাস্তায় এই ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের হয়তো বিমানবন্দর থেকে ফলো করছিল। বনানী কবরস্থানের কাছাকাছি আসার পর সিগন্যাল লাইট (পুলিশ যেরকম লাইট ব্যবহার করে) দেখিয়ে গাড়িটি থামায়। এরপর ডিবি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
জানা যায়, ভুক্তভোগী পরিবারটি বিমানবন্দর থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিল। বনানী কবরস্থানের কাছাকাছি আসার পর তারা ছিনতাইকারীর কবলে পড়েন। নিরাপত্তার কারণে নিজেদের পরিচয় সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি ভুক্তভোগী পরিবারটি।









