গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১), ঢাকা দক্ষিণ ৩৩নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আওয়ামী লীগের সাবেক ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া ও গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো.মিজানুর রহমান (৫২)।
ডিসি তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল থেকে রাত পৌনে একটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।









