রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন ১৪৭/২/সি জোড় পুকুর পারের বিপরীত পাশে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের সহকর্মী আল আমিন জানান, বিকালে ভবনটির ছয়তলার বাইরের অংশে এসির গ্যাস দেওয়ার কাজ করছিলেন রিফাত। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতালে এবং পরে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
রিফাত কুমিল্লার মুরাদনগর থানার কাজীতলা গ্রামের মো. জসিমের ছেলে। বর্তমানে তিনি মুগদার মান্ডা এলাকায় বসবাস করতেন।









