রাজধানীর কদমতলীর জুরাইন মুরাদপুরে বাউন্ডারি দেয়ালচাপায় মো. মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা শরীয়তুল্লাহ জানান, মোস্তাফিজুর রহমান মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার বিকালে স্কুলের নির্মাণকাজ চলছিল। কাজের অবস্থা দেখতে গিয়ে বাউন্ডারি দেয়াল ভেঙে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিহত মোস্তাফিজুর রহমান পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর জুরাইন এলাকায় বসবাস করতেন।









