রাজধানীর বনানী থানা এলাকায় সীসা বারে অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম, সোহাগ হাজরা (২৪)।
রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে বনানী ই-ব্লকের ১২ নম্বর রোডের একটি বাসায় অভিযানটি চালানো হয়।
বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরে রবিবার রাতে বনানী ই-ব্লকের ১২ নম্বর রোডের একটি বাসায় ‘আন্তালিয়া’ নামের অবৈধ সীসা বারে অভিযান চালানো হয়। এ সময় সোহাগ নামে একজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ১৮ বোতল বিদেশি মদ, সাতটি প্লাস্টিকের বক্স অবৈধ সীসা, ১১টি প্রিমিয়াম সীসা স্ট্যান্ড, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও একটি চাবি জব্দ করা হয়।
এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আর গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।









