রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক্ষণিকা’ নামে একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সাত থেকে আট শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে মুনতাসিন নাসিম (২৩) নামে একজন শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বিএফডিসি সামনের র্যাম্প দিয়ে নামার সাময় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত মুনতাসিন নাসিম ঢাবির এমআইএস ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।
ঘটনাস্থল থেকে শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা আমির হামজা জানান, সকালে উত্তরা রুটে চলাচলকারী ঢাবির স্টাফ বাস ক্ষণিকা পরিবহনটি এলিভিটেড এক্সপ্রেসওয়ের বিএফডিসির সামনের র্যাম্প দিয়ে নামছিল। ওই সময় বাসটির টায়ার লিকেজ হয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে শিক্ষার্থীরা আহত হয়।
বিষয়টি নিয়ে ঢাবির সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, “উত্তরা থেকে ছেড়ে আসা বাসটি মগবাজারে পৌঁছালে যানটির চাকা ব্লাস্ট হয়। ওই সময় বাসটি আরেকটি বাসে ধাক্কা দেয়। এতে সাত থেকে আটজন শিক্ষার্থী আহত হয়। যারা আহত হয়েছেন তাদের একজন ঢাকা মেডিক্যালে, আর কয়েকজন বাইরের মেডিক্যালে চিকিৎসা নিচ্ছে। কারও বড় কোনও ক্ষতি হয়নি।”









