ভোটের সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় শনিবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে ‘সহিংসতা-গোলযোগ’ তুলনামূলক কম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ। তিনি বলেন, কেউ অনিয়ম করলে পার পাবেন না। ইতোমধ্যেই অনিয়ম ও নিয়ন্ত্রণবহির্ভূত হওয়ায় ৫১টি ভোট কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। শনিবার চতুর্থ ধাপের ৭০৩ ইউপির ভোট শেষে সন্ধ্যা ৬টায় ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিগত তিন ধাপের মতো শনিবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের ৭০৩ ইউনিয়ন পরিষদ ভোটেও অনিয়মের অভিযোগ ও সহিংসতা অব্যাহত রয়েছে। নোয়াখালী, ফেনী, পঞ্চগড়, লক্ষ্মীপুর, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশে বিভিন্ন স্থানে ভোটের সময়ে গোলযোগ হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।
ইসির নির্লিপ্ত ভূমিকার কারণে সহিংসতা বাড়ছে—বিএনপিসহ বিভিন্ন মহলের এমন সমালোচনার জবাবে সিইসি বলেন, আমরা মোটেও নির্লপ্ত নই। কেউ অনিয়ম করে পার পাবেন না। সহিংসতার ঘটনা যেখানে ঘটছে, মামলা করা হচ্ছে, অনেককে ধরা হচ্ছে। যেখানেই অনিয়ম হয়েছে, সেখানেই তদন্ত করে বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছি।
আরও পড়তে পারেন: চার জেলায় নির্বাচনি সহিংসতায় নিহত ৫
কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, এ ধাপেও কয়েকটি বিচ্ছিন্ন ও দুঃখজনক ঘটনা ঘটেছে। গোলযোগ, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমেও বলা হয়েছে। ভোটে অনিয়ম হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসির ব্যবস্থার কারণে সহিংসতা ও গোলযোগের ঘটনা কিছুটা কমেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, চতুর্থ ধাপের তুলনায় ভবিষ্যতে কোনও রকম অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ ভোট হবে।
সিইসি বলেন, আজ (শনিবার) যেসব ঘটনা ঘটেছে, তা বিশ্লেষণ করলে মনে হয় না—আমরা আগের তুলনায় পিছিয়েছি। বরং গোলযোগ কমে এসেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের বলছি, ধৈর্য ধরেন। কারও মাথায় বাড়ি মেরে বা নিজেদের মধ্যে হানাহানির প্রয়োজন নেই। আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।
সিইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনিয়ম বরদাশত করা হবে না। ইতোমধ্যে ৫১টি কেন্দ্র বন্ধ করা হয়েছে। আরও প্রতিবেদন এলে এ সংখ্যা বাড়বে। আইনশৃঙ্খলা বাহিনী এখনও মাঠে রয়েছে। ভোট-পরবর্তী সহিংসতাও যেন না ঘটে, সে বিষয়ে সজাগ রয়েছি। আশা করছি, আগামী দিনে অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ ভোট করতে সব ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
/ইএইচএস/এমএনএইচ/








