পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি জরুরি। শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজউক অডিটরিয়ামে বিশ্ব বসতি দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল, ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।
রিজওয়ানা হাসান বলেন, ‘উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে।’ এ জন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন পরিবেশ উপদেষ্টা।
তিনি বলেন, ‘উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম-সচিব নায়লা আহমেদ।
অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব বসতি দিবস উপলক্ষে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।









