বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার (৮০) জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বাদ জোহর রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা জানাজায় অংশ নেন। পরে এম শাহজাহান মিয়ার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মুনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জয় বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজিরগাঁওয়ের খিদিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে সাংবাদিক এম শাহজাহান মিয়াকে দাফন করা হবে।
এর আগে, বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার রামপুরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন এম শাহজাহান মিয়া। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।
এম শাহজাহান মিয়া ১৯৪৪ সালের ১৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের (বিক্রমপুর) লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর গণযোগাযোগ ও সাংবাদিকতায় ডিপ্লোমা ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
১৯৭০ সালে অধুনালুপ্ত ইংরেজি দৈনিক ‘দ্য পিপল’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি। ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগদান করেন।
১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত আট বছরে ঢাকা সাংবাদিক ইউনিয়নে পাঁচবার সভাপতি এবং ১৯৮৪ ও ১৯৮৫ সালে দুই দফা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস-মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন তিনি।









